স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
১০ রানে শিলিংফোর্ডের দুসরা বলে শচীন এলবিডব্লিউ হয়ে যাওয়ার পর ইডেনে নেমে এসেছিল রাজ্যের নিস্তব্ধতা। শচীন ফিরে যাওয়ার পর রোহিত শর্মার অভিষেক টেস্টে শতরান ইডেন গার্ডনকে কিছুটা হলেও প্রাণ ফিরিয়ে দিয়েছে। তবে ভারতীয়দের আফশোস যাচ্ছে না। পাড়ায়-পাড়ায়, অলিতে-গলিতে আলোচনার বিষয় এখন শচীনের এলবিডব্লিউ।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আউটটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ধারাভাষ্যকারা পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন, শচীন দুর্ভাগ্যের শিকার। আম্পায়ার নাইজেল লংয়ের এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও তোলপাড় শুরু হয়েছে। ৪৪ বছরের ব্রিটিশ আম্পায়ার সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেও আম্পায়ারের দায়িত্বে ছিলেন। লংয়ের পাশাপাশি বিসিসিআইয়ের ডিআরএস বিরোধী মনোভাবও কাঠগড়ায় উঠেছে।
টিভি ক্যামেরার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে শচীন কিছুতেই আউট হতেন না, এমনটাই বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। এদিকে কলকাতা টেস্টে জাঁকিয়ে বসতে শুরু করেছে ভারত। রোহিত-অশ্বিনের দুর্দান্ত ব্যাটিং ৮৩ রানে পাঁচ উইকেট খুইয়ে বসা টিমকে দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরিয়ে এনেছে।
দ্বিতীয় দিনের প্রথম দেড় ঘণ্টায় যদিও ইডেনে দাপট ছিল ডারেন স্যামি বাহিনীরই। শেন শিলিংফোর্ডের অফ স্পিন আর দুসরার আক্রমণে ভারতীয় ব্যাটসম্যানদের দিশাহারা অবস্থা ছিল। এর মধ্যে শচীন টেন্ডুলকরের ট্র্যাজিক আউটে পরিস্থিতি আরও করুণ হয়ে ওঠে ভারতের জন্য। ভারতের সাবেক তারকা ক্রিকেটার রবি শাস্ত্রীও বলতে বাধ্য হয়েছেন, আম্পায়ার নাইজেল লং যথেষ্ট অবিচারই করলেন শচীনের প্রতি।
নাইজেল লংকে নিয়ে বলার এখানেই শেষ নয়, কয়েকজন অন্ধ শচীন-ভক্ত ইতিমধ্যে ‘অবিচল চিত্তে’ ঘোষণা দিয়েছেন, শচীনকে ‘অবান্তর’ আউট দেওয়া আম্পায়ারকে তারা দেখে নেবেন!
শচীন-ভক্তদের এই ‘দেখে’ নেয়ার ধরণ এখন কেমন হবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন আয়োজকরা। লংকের নিরাপত্তা নিয়ে তারা বাড়তি চিন্তাভাবনা শুরু করেছেন। বেচরা নাইজেল লংক এখন ভালোয়-ভালোয় দেশে ফিরতে পারলেই হয়।



