আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৫৩ জনেরcহয়েছে। হত্যা মামলার বিচারে গঠিত বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আদালত পিন্টু ও তোরাব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এই দুজনসহ ৮৫০ জন আসামির মধ্যে ১৫৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১৫৩ জনের প্রত্যেককে অবৈধভাবে অস্ত্র লুণ্ঠনের দায়ে আরো ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।
রায় ঘোষণার পর তারা এজলাসে চিত্কার শুরু করেন। কেউ বলেন, ‘আল্লাহর দরবারে বিচার হবে।’ আবার কেউ বলেন, ‘এ দেশে কোনো বিচার নাই।’ এ সময় আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম মাইক্রোফোনে এই ১৫৩ জনের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, ‘আপনারা কেউ কথা বলবেন না। আমি আপনাদের হয়ে লড়েছি। আপনাদের ওপর আমার অধিকার আছে। এর পর আরো আদালত আছে। আমরা সেখানে আপিল করব। দয়া করে কেউ কথা বলবেন না।’ কিন্তু তার কথা কানে না তুলে তারা নিজেদের নির্দোষ দাবি করে চিত্কার করতে থাকেন।
এ ছাড়া আদালত ২০৭ জনকে সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে তাদেরকে আরেকটি অভিযোগে আরও তিন বছরের সাজা দিয়েছেন। এ নিয়ে তাদের মোট সাজার পরিমাণ ১৩ বছর। ৫৪ জনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পেয়েছেন ২৭১ জন।




