সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়বাংলাদেশ ১১৪ রানে এগিয়ে

বাংলাদেশ ১১৪ রানে এগিয়ে

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

চতুর্থ দিন সকালে ১৮ রানেই নিউজিল্যান্ডের বাকি দুটি উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ততক্ষণে সফরকারীরা প্রথম ইনিংসে এগিয়ে ১৫৫ রানে। দ্বিতীয় ইনিংস খেলতে নেমেও বিপত্তি বাধল। ৫৫ রানে দুই উইকেট হারিয়ে প্রথম সেশনে ধুঁকতে থাকা বাংলাদেশকে শেষ পর্যন্ত এগিয়ে নিল তামিম ইকবাল ও মমিনুল হকের অনবদ্য জুটি। দিন শেষ হওয়ার আগে তামিম সাজঘরে ফিরলেও মমিনুলের হার না মানা ইনিংসে সাত উইকেট হাতে রেখে ১১৪ রানে এগিয়ে আছে তারা।

মমিনুল টানা দুই ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকিয়ে অপরাজিত আছেন। ১২৬ রানে পঞ্চম ও শেষদিন মাঠে নামবেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অপর প্রান্তে সাকিব আল হাসান অপরাজিত ছিলেন ৩২ রানে।

এর আগে দলীয় ৩৯ ও ৫৫ রানে এনামুল হক (২২) ও মার্শাল আইয়ুব (৯) সাজঘরে ফেরেন নেইল ওয়াগনারের বলে। এরপরই তামিমকে নিয়ে ঘুরে দাঁড়ান মমিনুল। প্রথম ইনিংসের মারকুটে ব্যাটসম্যান তামিম এদিন ধৈর্য্যের পরিচয় দিয়ে ব্যাটিং উইকেটে লেগে থাকেন। মমিনুলের সঙ্গে তৃতীয় সেশন পর্যন্ত খেলেছেন তিনি। ১২৫ বলে ১৪তম ফিফটি হাঁকান এই ওপেনার। তৃতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়েছেন তারা।

মমিনুল ১৬৯ বলে ১৩তম বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান। এর কিছুক্ষণ পর কেন উইলিয়ামসনের বলে রস টেলরের তালুবন্দি হন তামিম। এর আগে ২১৮ বল খেলে মাত্র চারটি চারে ৭০ রান করেন তিনি।

বাংলাদেশ: প্রথম ইনিংস- ২৮২/১০, দ্বিতীয় ইনিংস- ২৬৯/৩, ৮৯ ওভার
মমিনুল হক- ১২৬*
সাকিব আল হাসান: ৩২*
নিউজিল্যান্ড: প্রথম ইনিংস- ৪৩৭/১০

বৃহস্পতিবার সকালে দুই উইকেট হাতে রেখে ৪১৯ রানে মাঠে ন‍ামে সফরকারীরা। এদিন প্রথম ইনিংসে আরও ১৮ রান যোগ করতে গুটিয়ে যায় তারা। দিনের তৃতীয় ওভারে ইশ সোধি ৫৮ রানে রান আউট হন। তিন ওভারের বিরতিতে আব্দুর রাজ্জাকের এলবিডব্লুর ফাঁদে পড়েন ট্রেন্ট বোল্ট (৪)। বিজে ওয়াটলিং অপরাজিত ছিলেন ৭০ রানে।

সফরকারীদের হয়ে সেরা রান করেছেন কোরি এন্ডারসন। ১১৬ রান এসেছে তার ব্যাট থেকে। সোধি ও ওয়াটলিং ছাড়াও ফিফটির দেখা পেয়েছিলেন কেন উইলিয়ামসন (৬২) ও রস টেলর (৫৩)।

বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট পান সাকিব আল হাসান। দুটি নিয়েছেন আব্দুর রাজ্জাক। একটি করে দখলে নেন নাসির হোসেন ও আল-আমিন হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ