ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করেছেন। ঈদের দিন হাসপাতালের প্রিজন সেলে দেখা করতে যান তার পরিবারের ৫ সদস্য। বুধবার বেলা ২টা ৫ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত ২৫ মিনিট গোলাম আযম পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।
পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন গোলাম আযমের স্ত্রী আফিফা আযম, ছেলে আব্দুল্লাহিল আমান আযমী ও তার স্ত্রী, গোলাম আযমের নাতনি। এবার নিয়ে চতুর্থবারের মতো গোলাম আযমের ঈদ কেটেছে কারাগারে। গোলাম আযমের ছেলে বলেন, আব্বা আগের চেয়ে এখন বেশি অসুস্থ। স্মরণ শক্তিও অনেকটা কমে গেছে। কানে একেবারেই কম শুনেন। গত ১৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অধ্যাপক গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড প্রদান করেন।
বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে আছেন। সেলে থাকায় নিরাপত্তার কারণে তিনি এবারও ঈদের নামাজ পড়তে পারেনি।




