ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
ঈদের পর রাজধানীর ময়লা পরিষ্কার করতে শুরু করেছে ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা। ৪৮ ঘন্টার মধ্যে সব ময়লা অপসারণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংস্লিষ্টরা। বৃষ্টি পাতের কারণে কাজটা অনেক সহজ হয়েছে বলেও জানান তারা।
দক্ষিণের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এসএম জাবেদ ইকবাল জানান, বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের পাঁচ হাজার ২০০ জনের নিয়মিত কর্মী বাহিনী রয়েছে। এর বাইরে আমারা ঈদ উপলক্ষে আরো চার হাজার জনবল নিয়োগ করেছি। আমাদের সিটি কর্পোরেশন ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বুধবার দুপুর থেকে আমাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে। আগামীকাল দুপুর নাগাদ বর্জ্য অপসারণে আমরা ভাল একটি পর্যায়ে পৌঁছতে পারব। তবে ৪৮ ঘণ্টায় আমরা শতভাগ লক্ষ্য অর্জন করতে চাই।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা মহানগরে কোরবানির জন্য ‘স্লটার হাউজ’ নেই। সকল এলাকা ও মহল্লায় সবাইকে এক স্থানে কোরবানি দিতে বলা হলেও তাতে সাড়া পড়েনি।
বর্জ্য ব্যবস্থাপনায় মহানগর দক্ষিণ তাদের এলাকাকে পাঁচটি ভাগে ভাগ করে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুল খুলেছে।
অঞ্চল-১ এ রয়েছে ধানমন্ডি, শুক্রাবাদ, নিউমার্কেট, মন্ত্রিপাড়া, সেগুনবাগিচা, পরিবাগ এবং এর মধ্যবর্তী এলাকা।
অঞ্চল-২ এ আছে খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর ও মালিবাগ।
অঞ্চল-৩ এ রয়েছে লালবাগ, হাজারীবাগ, আজিমপুর ও জিগাতলা।
অঞ্চল-৪ এ রয়েছে নয়াবাজার, সিদ্দিকবাজার ও লক্ষ্মীবাজার এলাকা।
অঞ্চল-৫ এ রয়েছে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, জুরাইন, দয়াগঞ্জ ও গেন্ডারিয়া।
যেকোনো প্রয়োজনে দক্ষিণের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ৯৫৫৬০১৪-এ যোগাযোগ করতে বলা হয়েছে।




