ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “সংবিধানের আওতায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধান দুই দলের মধ্যে সংলাপের সুযোগ এখনো আছে। জনগণের স্বার্থে সে সুযোগ সবারই গ্রহণ করা উচিত।” আজ রবিবার সকালে চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, “গত পাঁচ বছরে দেশে ছয় হাজার নির্বাচনে ৬৪ হাজার ব্যক্তি নির্বাচিত হয়েছেন। প্রতিটি নির্বাচন অবাধ-নিরপেক্ষ হয়েছে। আমাদের নির্বাচন কমিশন বর্তমানে সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী। আর সেটি প্রমাণ দিয়েছে প্রতিটি নির্বাচনে। অতএব আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।”
মতবিনিময় সভায় প্রেস ক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ মাকছুদুল আলম, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীসহ চাঁদপুরের ইলেকট্রনিক্স, প্রিন্ট ও স্থানীয় পত্রিকার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




