ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, সরকার বিরোধী দলের আন্দোলন ঠেকাতে কিলিং স্কোয়াড গঠন করছে। তিনি বলেন, আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, বিরোধী দলের আন্দোলন ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন ও ঘনিষ্ঠ এবং সরকারের অনুগত কর্মকর্তারা টর্চার সেল গঠন করছে। এটি পরে কিলিং স্কোয়াডে পরিণত করা হতে পারে। রোববার দুপুরে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, বিরোধী দলকে দমন করতে হিটলারসহ বিশ্বের অনেক স্বৈরশাসক এ ধরনের টর্চার সেল গঠন করেছিল। কিন্তু তাদের লাভ হয়নি। এখন সরকারও তাদের শেষ প্রয়াস চালাচ্ছে। তাদেরও শেষ রক্ষা হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরফত আলী সফু প্রমুখ।




