স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
বৃষ্টির কারণে সারা বাংলাদেশে কোনো ধরনের খেলাই হচ্ছে না আপাতত। পরিত্যক্ত হয়েছে বিসিবি একাদশ বনাম নিউজিল্যান্ডের তিন দিনের প্রস্তুতি ম্যাচটিও। খেলা না হওয়ায় দু-দলের খেলোয়াড়দেরই এখন অতিরিক্ত অবসর। তবে অনেকেই মনে করছেন খেলা না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশ দল। তবে এ কথা মানছেন না সাকিব আল হাসান। বিশ্বের এক নম্বর এই অল-রাউন্ডার মনে করেন, খেলা না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে কিউইরাই।
শনিবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শেষে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, ‘প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউজিল্যান্ড। কেননা ওদের মানিয়ে নেয়ার একটি ভালো সুযোগ ছিল। এ মাঠে তো কোনো খেলা হয়নি, সম্ভবত একটা বলও হয়নি, উইকেট কেমন হবে কোনো ধারণা নেই তাদের এবং আমাদেরও। এরপরও এ মাঠে আমরা অনেক ম্যাচ খেলেছি।’
তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় প্রস্তুতিতে ঘাটতি থেকে গেল কি না এমন এক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘জানি না, তবে একটি কথা বলতে পারি, খারাপ খেললে বলা হবে প্রস্ততি ম্যাচের কারণে এমন হয়েছে, আর ভালো খেললে সে অভাব থাকবে না। দুই ধরনের ক্রিকেটে একটু তো পার্থক্য থাকবেই। মানিয়ে নেয়াটা আমাদের দায়িত্ব।’
নিউজিল্যান্ডকে নিয়ে দলের পরিকল্পনা সম্পর্কে সাকিব বলেন, ‘সাম্প্রতিক টেস্টে নিউজিল্যান্ড খুব ভালো করছে। সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। কোন দল কতটা অভিজ্ঞ সে হিসেব করে কোনো লাভ নেই। নির্দিষ্ট দিনে কে ভালো করে তার ওপরই খেলার ফলাফল নির্ভর করে। আমাদের ভালো খেলতে হবে, তারপরে ফলাফল দেখা যাবে।’
এদিকে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ড টিমই বেশি হতাশ বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। শনিবার বিকেলে অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমাদের ব্যাট-বল নিয়ে মাঠে থাকা প্রয়োজন ছিল। বৃষ্টির কারণে আমাদের এখন শুধু ইনডোরে অনুশীলন করেই টেস্ট ম্যাচ খেলতে নামতে হবে।’




