বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপবিএনপির বিক্ষোভ কাল

বিএনপির বিক্ষোভ কাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে পূর্বঘোষিত সমাবেশে পুলিশ বাধা দেওয়ায় আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী বলেন, আমাদের পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচিকে বানচাল করতে পোশাক ও সাদা পোশাকে পুলিশ সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে ও আশপাশের সড়ক এবং অলিগলিতে অবস্থান নিয়ে যুদ্ধংদেহী পরিবেশ তৈরি করে রেখেছে গোটা নয়াপল্টন এলাকায়। সারাদেশটাই যেন আওয়ামী লীগের তালুকদারিতে পরিণত হয়েছে। যখন তখন যেকোনো সময় আওয়ামী লীগ যেকোনো স্থানে সভা-সমাবেশ করতে পারে। অথচ বিরোধী দল ও ভিন্নমতের মানুষদের সেই অধিকার নেই। এদেশে শুধুমাত্র একজনেরই গণতান্ত্রিক অধিকার আছে, তিনি হলেন শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশে এক ব্যক্তিকেন্দ্রিক গণতন্ত্র চলছে। একমাত্র শেখ হাসিনার কণ্ঠস্বরের স্বাধীনতাই রয়েছে চরম পর্যায়ে। আর শেখ হাসিনার এই দুঃশাসনে বিরোধী দলের নেতাকর্মী ও ভিন্নমতের মানুষরা সাব-হিউম্যান পর্যায়ে। এ সময় আজ সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কাল ৩১ ডিসেম্বর ঢাকা মহানগরের থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে বলে জানান বিএনপির এই যুগ্ম-মহাসচিব। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ