দীর্ঘ চুম্বনের দৃশ্যে অভিনয় করতে অসম্মতি জানিয়েছেন ‘ব্যান্ড বাজা বারাত’ খ্যাত বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ‘পিকে’ ছবিতে তিনি আমির খানের সঙ্গে বলিউডের ইতিহাসের দীর্ঘতম চুম্বনের রেকর্ড গড়তে যাচ্ছেন- সম্প্রতি প্রকাশিত এমন খবরকে আনুশকা ভিত্তিহীন বলে দাবি করেছেন।
মিডডের খবরে জানা গেছে, বলিউড টিনসেলে আমির-আনুশকার দীর্ঘতম চুম্বনের বিষয়টি বেশ আলোড়ন তুলেছিল। চলতি মাসেই আমির-আনুশকার চুম্বনদৃশ্যটি শুটিং করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই আনুশকা এই দীর্ঘতম চুম্বনদৃশ্যে অভিনয় করতে অসম্মতি জানালেন।
এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘গল্পের প্রয়োজনে আমাকে যত বড় চুম্বন দৃশ্যই করতে হোক না কেন, এতে কোনো আপত্তি নেই। তবে শুধুমাত্র রেকর্ড সৃষ্টির জন্য এত বড় চুম্বনদৃশ্যে অংশ নেওয়াটা আমার কাছে মোটেও যৌক্তিক মনে হচ্ছে না। তাই এই চুম্বনদৃশ্যটি কোনো রেকর্ড ভাঙ্গছে না।’
২৫ বছর বয়সী এ অভিনেত্রী আরো জানান, তিনি মনে করেন, দর্শকরা চুম্বনের দৈর্ঘ্য মাপার জন্য ঘড়ি ধরে বসে থাকেন না। আর নির্মাতা রাজকুমার হিরানি এবং আমির খানের মতো তারকারা কখনও তাদের সিনেমার প্রচারণার জন্য এমন নিম্নমানের পদক্ষপ নেবেন না। তাই এ ধরনের খবর পুরোপুরি ভিত্তিহীন।
৫ বছরের ক্যারিয়ারে আনুশকা একাধিকবার চুম্বনের দৃশ্যে অংশ নিয়েছেন। এর আগে তিনি ‘বদমাশ কোম্পানি’তে শহিদ কাপুর এবং ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন। আনুশকা বর্তমানে ‘বোম্বে ভ্যালভেট’ ছবির শুটিং করছেন।




