পানি-বিদ্যুৎ সংযোগসহ একাধিক দাবিতে নগরের লালখান বাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। রোববার (৫ মে) দুপুর দুইটার দিকে ব্যস্ততম মোড়টি অবরোধ করলে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চারিদিকে যানজট সৃষ্টি হয়। খুলশী থানার ডিউটি অফিসার এসআই আলি বিন কাশেম বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। বিকাল সাড়ে ৩টার দিকে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি লালখান বাজারের মতিঝর্ণাসহ একাধিক পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। এর জেরে বাসিন্দারা বিক্ষোভ করেন।




