মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপডাকসু নির্বাচন ১১ মার্চ

ডাকসু নির্বাচন ১১ মার্চ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, ১১ মার্চ ডাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড .এস এম মাহফুজুর রহমান জানান, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসু’র সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেন।

সংবাদবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এর আগে আজ বুধবার বিকেল সাড় ৩টায় এবং বিকেল সাড়ে ৪টায় উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বিষয়ে হল প্রাধ্যক্ষ এবং ডাকসু নির্বাচন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সঙ্গে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে উপাচার্য ডাকসু নির্বাচনের এই তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ২১ জানুয়ারি ডাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে পরিবেশ পরিষদের সভা ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য আখতারুজ্জামানের সভাপতিত্বে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন।

ওই সভার আলোচ্যসূচি ছিলো- ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধনী এবং নির্বাচনী আচরণবিধি। সভা শেষে ডাকসু নির্বাচন এ বছরের মার্চে হতে পারে বলে জানিয়েছিলেন উপাচার্য আখতারুজ্জামান। ডাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গত ১৭ জানুয়ারি অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে চিফ রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরে ১৯ জানুয়ারি শনিবার চিফ রিটার্নিং অফিসারকে সার্বিক সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচ অধ্যাপককে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইদিনে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি ‘আচরণবিধি প্রণয়ন কমিটি’ গঠনও করে কতৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ