ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
সিপিবি ও বাসদের জনসভায় হামলা করেছে ছাত্রলীগের শতাধিক কর্মী। এতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। রোববার বিকেল সোয়া পাঁচটায় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রলীগের সভাপতি হিরন মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল মঞ্চে ঢিল ছোড়ে হামলা করে। এ সময় পুলিশ আশপাশ এলাকায় থাকলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখে এগিয়ে আসেনি। একপর্যায়ে ছাত্র ইউনিয়ন ও সমাবেশে উপস্থিত লোকজন হামলাকারীদের ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘সিলেটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে একটি আনন্দ মিছিল বের করে কোট কেন্দ্র দিয়ে যাওয়ার সময় সিপিবি-বাসদের সমাবেশ থেকে আমাদের দিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর আমরাও পাল্টা হামলা চালাই।’
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে কারা মঞ্চ ভাঙচুর ও হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।




