বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগকুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত

কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত

কুমিল্লা সদর উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ডিবি পুলিশের তিনজন আহত হয়েছেন। আটক করা হয়েছে একজনকে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সদর উপজেলার আলেখাচর সাবুরিয়া সিএনজি পাম্পের পেছনে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে এ ঘটনা ঘটে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি পিস্তলসহ কিছু দেশি অস্ত্র। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুর আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত আবু তাহের (২৮) পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি নগরীর সংরাইশ এলাকার আবুল খায়েরের ছেলে।

পুলিশের ভাষ্য, গোমতী নদীর বাঁধে ১০/১৫ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে ডিবির ওসি এ কে এম মঞ্জুর আলমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আবু তাহের গুলিতে আহত হন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহীন ও কনস্টেবল ইসমাঈল আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ লিটন নামের এক ‘ডাকাতকে’ আটক করে। এ সময় উদ্ধার করা হয় একটি পিস্তল, দুটি গুলিসহ বেশ কিছু দেশি ধারালো অস্ত্র।

ওসি এ কে এম মঞ্জুর আলম আরো দাবি করেন, আবু তাহেরের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। তাঁর বিরুদ্ধে অন্তত এক ডজন মামলা রয়েছে। এর আগে গত বছরের ৭ আগস্ট একজনকে গুলি করে ৪০ লাখ টাকা ছিনতাই মামলারও আসামি তাহের।

আরও পড়ুন

সর্বশেষ