সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি প্াচ ছেলে ও দুই মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এদিকে, সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বঙ্গভবনের গণমাধ্যম শাখা জানিয়েছে, এ সংবাদ শুনেই গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ১৯২৬ সালের ১ সেপ্টেম্বর বরিশালের শায়েস্তাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হবার পর ১৯৯১ সালের ৮ অক্টোবর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালের ৮ অক্টোবর তার রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হয়। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আব্দুর রহমান বিশ্বাস রাজনীতি থেকে অবসর নেন। এরআগে ১৯৬২ ও ১৯৬৫ সালে তিনি পূর্ব পাকিস্তান আইন সভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত তিনি সংসদ সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি জাতিসংঘের ২২তম সাধারণ সভায় অংশগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে আবদুর রহমান বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯–৮০ সাল পর্যন্ত তিনি পাটমন্ত্রী ও ১৯৮১–৮২ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।
সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই, রাষ্ট্রপতির শোক



