কর দাতাদের আয়করের বিষয়ে প্রকৃত তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। শুক্রবার দুপুরে নগরীর জিইসি কনভেনশন হলে আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। করদাতাদের সতর্ক করে দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “আমাদের গোয়েন্দা বিভাগগুলোকে খুব সক্রিয় করেছি। গোয়েন্দারা বিভিন্ন তথ্য পাচ্ছেন। আমাদের পরিদর্শন বিভাগও কাজ করছে। সুতরাং এখন থেকে বার্তা হবে সকলে যাতে প্রকৃত তথ্য দেন। আমরা বলি- পে ট্যাক্স অ্যান্ড রিলাক্স। আয়কর পরিশোধ করুন এবং নিরুদ্বেগ থাকুন।
নজিবুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন কার্যক্রম হচ্ছে সেই উন্নয়নের অর্থ আসছে আয়কর, শুল্ক ও ভ্যাট থেকে। দেশে যারা আয়করদাতা তাদেরকে আমরা সম্মানিত করছি। ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করতে ব্যবসায়ীদের দাবির বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, “আমরা ঢাকা থেকে এসেছি চট্টগ্রামের কিছু উন্নয়ন কার্যক্রম দেখার জন্য। বিশেষ করে বন্দরের উন্নয়ন কার্যক্রম দেখতে। উন্নয়ন করতে তো টাকা লাগবে। আয়কর থেকেই টাকা পাওয়া যাবে। যত অায়কর হবে, তত উন্নয়ন তরান্বিত হবে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার এবং মেলা কমিটির আহ্বায়ক মাহবুব হোসেন। পরে বিকেলে ‘দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করার লক্ষ্যে’ বন্দর চেয়ারম্যান অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক।




