বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপবিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট উড্ডয়নের পর চাকা খুলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ। বিমানের ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) ক্যাপ্টেন এনামকে প্রধান করে ৪ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। ২৫ অক্টোবর সকাল ৯টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের সঙ্গে সঙ্গে একটি চাকা খুলে পড়ে যায়। পরে অবশ্য ফ্লাইটটি নিরাপদে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে শাকিল মিরাজ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট বিজি-৪৯৪ আজ সকাল ৯ঃ৩৩ ঘটিকায় সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের পর সেখানকার কন্ট্রোল টাওয়ার থেকে ক্যাপ্টেনকে জানানো হয় যে, ফ্লাইটটি উড্ডয়নের পর একটি চাকা খুলে পড়ে গেছে। এ সংবাদ পেয়ে ফ্লাইটের অপারেটিং ক্যাপ্টেন আতিক ও ফাস্ট অফিসার ইয়ামিন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইর্মাজেন্সী ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেন। সে মোতাবেক ঢাকায় ইর্মাজেন্সী ল্যান্ডিং এর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। সকাল ১০ঃ২৫ ঘটিকায় ক্যাপ্টেন আতিক রানওয়ের উপর লো লেভেল ফ্লাই করে নিশ্চিত হতে চান কোন চাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে জানানো হয় পেছনের ডানপাশের ৪ নম্বর চাকাটি।

এমতাবস্থায় ক্যাপ্টেন ইর্মাজেন্সী ল্যান্ডিং এর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তাঁর অসামান্য দক্ষতা ও নৈপুণ্যতায় নিরাপদ ও সফলভাবে ফ্লাইটটি অবতরণ করান। উক্ত ফ্লাইটে ৬৬ জন যাত্রী, ২ জন কেবিন ক্রু, ১জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার এবং ২ জন পাইলট সকলেই নিরাপদ ও অক্ষত ছিলেন এবং এই ঘটনায় উড়োজাহাজেরও কোন ক্ষতি হয়নি। বিমানটি জরুরী অবতরণকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন জামিলসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সকালের বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই এর পেছনের একটি চাকা খুলে রানওয়ের বাইরে ডোবায় পড়ে যায়।

আরও পড়ুন

সর্বশেষ