সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপএম কে আনোয়ারের বাসায় গিয়ে খালেদা জিয়া

এম কে আনোয়ারের বাসায় গিয়ে খালেদা জিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসায় গিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় মারা যান এম কে আনোয়ার। 

মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে এম কে আনোয়ারের ওই বাসায় যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি এম কে আনোয়ারের স্ত্রী মাহমুদা আনোয়ার ও ছেলের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমবেদনা জানান।

এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়া বাসা থেকে বেরিয়ে যান।
এ সময় বাসার বাইরে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘বেগম জিয়া শোকসন্তপ্ত প‌রিবার‌কে সম‌বেদনা জানা‌ন এবং ব‌লেন তাঁর (এম‌ কে আনোয়ার) মৃত্যু‌তে দেশ এবং দ‌লের অপূরণীয় ক্ষ‌তি হ‌য়ে গেল। তি‌নি আন্দোলনে সর্বদা স‌ক্রিয় ভূ‌মিকা পালন কর‌তেন। তাঁকে হা‌রি‌য়ে বিএন‌পি একজন গুণী রাজনী‌তি‌বিদ‌কে হা‌রি‌য়ে‌ছে।’

চাকরিজীবন থেকে অবসর নিয়ে বিগত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুতে এম কে আনোয়ার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

এরপর বিভিন্ন সময়ে নিজ এলাকা কুমিল্লার হোমনা থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দুবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দুই বছর ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। বর্তমান সরকারের আমলেও বিভিন্ন সময়ে জেল খেটেছেন। ১৯৩৩ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন এম কে আনোয়ার। তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

সর্বশেষ