বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের অতিরিক্ত চাহিদার কথা চিন্তা করে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ঢাকা- সৈয়দপুর রুটে একটি অতিরিক্ত ফ্লাইটসহ মোট তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিজিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম জানান, ঢাকা-সৈয়দপুর রুটে বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে ছয়দিন অতিরিক্ত ফ্লাইটটি দুপুর ১২টা ১৫মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে ছেড়ে যাবে এবং সৈয়দপুর বিমানবন্দরে দুপুর ১টা ৫মিনিটে পৌঁছাবে।
আবার সৈয়দপুর বিমানবন্দর থেকে দুপুর ১টা ২৫ মিনিটে ছেড়ে আসবে এবং দুপুর ২টা ১৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবে। এছাড়া ঢাকা-সৈয়দপুর রুটে বর্তমানে পরিচালিত সকাল ৭টা ২০মিনিট ও বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইট যথারীতি চলবে। ৭৬ আসনের ড্যাশ৮-কিউ৪০০ সিরিজের এয়ারক্রাফট দিয়ে ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। বর্তমানে ঢাকা-সৈয়দপুর রুট ছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে সকল রুটে একমাত্র বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনা করে থাকে।অভ্যন্তরীণ রুট ছাড়াও কলকাতা, কাঠমান্ডু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে। আগামী ১লা অক্টোবর থেকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।




