নির্বাচন কমিশন (ইসি) নিয়ে নতুন করে সংলাপের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইসি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ করার আর কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি সব দলের সঙ্গে সংলাপ করেছেন। ইসি গঠন করার সম্পূর্ণ এখতিয়ার তাঁর। মন্ত্রী বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় চার লেন সেতু প্রকল্পের প্রথম পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী বলেন, জাপান-বাংলাদেশ যৌথ অর্থায়নে এই তিনটি সেতু নির্মাণে ব্যয় হবে সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে জাপানের দাতা সংস্থা জাইকা সাড়ে ছয় হাজার কোটি টাকা দেবে, আর বাংলাদেশ জোগাবে দুই হাজার কোটি টাকা। ওবায়দুল কাদের বলেন, গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার কারণে কাজের কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত সময় ২০১৮ সালের ডিসেম্বর মাসেই পদ্মা সেতুর সঙ্গে এ তিনটি সেতুও জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাত খুনের মামলার রায় দেশের অপরাধীদের জন্য কঠোর সতর্ক বার্তা। এই মামলার প্রধান আসামি নূর হোসেনকে দল থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে বলে তিনি জানান। মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কাঁচপুর সেতু প্রকল্পের পরিচালক সাঈদ হক, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন প্রমুখ।



