বিএনপির সঙ্গে কোনো ঐক্যের প্রয়োজন নেই বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, আমরা বহুবার বলেছি বিএনপির সঙ্গে কোনো ঐক্যের প্রয়োজন নেই। ৫ আগস্ট সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে যুবলীগ এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
তিনি বলেন, বিএনপি তাদের দলে থাকা সন্ত্রাসী-যুদ্ধাপরাধীদের তালিকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিলে জঙ্গিবাদ নির্মূল হবে। হানিফ আরো বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের কারা মদদ দিচ্ছে সেটা আজ প্রমাণিত। জঙ্গিদের বিএনপি-জামায়াত অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে সেটা প্রমাণিত। শেখ হাসিনার নেতৃত্বে এদের শক্ত হাতে দমন করা হবে।




