সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েস্বাধীনতা বিরোধীরাই ভিন্নরূপে আইএস এর নাম ব্যবহার করছে

স্বাধীনতা বিরোধীরাই ভিন্নরূপে আইএস এর নাম ব্যবহার করছে

বাংলাদেশে কোন আইএস জঙ্গি নেই, স্বাধীনতা বিরোধীরাই ভিন্নরূপে এ নাম ব্যবহার করছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, স্বাধীনতার সময় এ দেশে একটি চক্র গুপ্তহত্যা, ধর্ষণ, লুন্ঠন চালিয়েছে। পঁচাত্তরের পর একই চক্রটি হাতের রগ, পায়ের রগ কেটে আত্মপ্রকাশ করে।  এরা ৬৩ জেলায় একসঙ্গে বোমা মারলো, বিচারককে হত্যা করলো। তারপর জেএমবি, হুজি বিভিন্ন নাম ধারণ করে এরা নানাভাবে আত্মপ্রকাশ করেছে। এরা সবাই এক।  এখন নানাভাবে এরাই নিজেদের আইএস দাবি করতে শুরু করেছে। শুক্রবার বেলা ১১টায় কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। এই আহবানে সাড়া দিয়ে সারাদেশের মানুষ কাজ করছে।  মুসলমানদের কপালে কালিমা লেপনকারী এ জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে কাজ করতে হবে।  সারাদেশে জঙ্গি প্রতিরোধ কমিটি, মানববন্ধন ও সমাবেশ হচ্ছে।  এসব থেকে এদেশের মানুষের জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা পাওয়া যায়। দেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ইতিমধ্যে জঙ্গিবাদের কারণে যাদের ধরা হয়েছে তারা সবাই এদেশের নাগরিক।  বাইরে থেকে কেউ আসেনি। যদিও বিভিন্ন সময় বিদেশিরা এদেশে আইএস আছে বলে দাবি করে আসছে।  কিন্তু তার কোন প্রমাণ নেই। জঙ্গিবাদ জান্নাত নয় বরং জাহান্নামে যাওয়ার পথ উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদের কোন রাষ্ট্র বা সীমানা নেই।  আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের দেশে কোন জঙ্গিবাদের আস্তানা করতে দেব না।  বিচ্ছিন্নবাদীদের এক ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেব না।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আবদুর রহমান বদি, হাজি ইলিয়াছ বক্তব্য রাখেন। এতে বিজিবির মহাপরিচালক, আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাসপোর্ট কার্যালয় উদ্বোধন শেষে মন্ত্রী বান্দরবানের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ