নড়াইলের নড়াগাতীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিজান কাজী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার পহরডাঙ্গা বালুর মাঠ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত মিজান পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের রতন কাজীর ছেলে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, মিজান কাজীকে শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। রাতে গোপালগঞ্জ থেকে নড়াগাতী থানায় আনার পথে নড়াগাতী থানার পহরডাঙ্গা বালুর মাঠের কাছে পৌঁছালে মিজান কাজীর সহযোগিরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিতে মিজান কাজী মারা যায়। নিহত মিজানের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ, অস্ত্রসহ বিভিন্ন ঘটনায় নড়াগাতী থানায় ছয়টি মামলাসহ বাগেরহাটের মোল্লারহাট, ঢাকাসহ বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।




