রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে অবৈধভাবে টাকা তোলার সময় জো জেইন লি (৩৮) নামে এক চিনা নাগরিককে আটক করেছে র্যাব। বুধবার সকাল ১১ টার দিকে তাকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি তদন্ত মো. মাহবুবুর রহমান জানান, ওই চিনা নাগরিক এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে ৩/৪টি কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের চেষ্টা চালায়। এ সময় র্যাব তাকে আটক করে। জো জেইন লি র্যাবের হেফাজতে রয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।



