লক্ষাধিক মানুষের কর্ণফুলী রক্ষার শপথের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা শেষ হয়েছে। এবারের সাম্পান খেলায় অংশ নিয়েছে সাতটি সাম্পান। এর মধ্যে কোলাগাঁও টেক পক্ষে জাহাঙ্গীর আলম মাঝি প্রথম, শিলকবাহা বলকপারের পক্ষে শেখ আহমদ মাঝির দল দ্বিতীয় এবং দীপকালার মোড়ল পক্ষে লিটন মাঝির দল তৃতীয় হয়েছে।
ইছানগর সদরঘাট সাম্পান টেম্পু মালিক সমিতি রাশেদ মাঝি, কর্ণফুলী নদী মাছ ও মালবাহী সাম্পান টেম্পু সমিতির পক্ষে শের উদ্দিন খাঁ মাঝি, চরপাথরঘাট ব্রিজহাট সাম্পান সমিতির পক্ষে সাদ্দাম মাঝি, ইছানগর মৌলভী আমির হোসেন শাহ মোহব্বত মাঝি পুরস্কার না পেলেও দর্শকদের আনন্দ দিয়েছে। ১০ মে বিকেল সাড়ে চারটায় সাম্পান খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। সভাপতিত্ব করেন এম আজিম আলী। সাম্পান খেলায় বিচারক ছিলেন শাহজাহান ফারুকী ও এম নিজামউদ্দিন খান, ফয়েজ আহমদ রেজভী, কবির আহমদ মেম্বার ও জালাল আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী এম আলী আশরাফ, কাউন্সিলর লুৎফর নাহার দোভাষ বেবি প্রমুখ।
বক্তারা বলেন, কর্ণফুলী শুধু বাংলাদেশের অর্থনীতির সঞ্চালক নয়, চট্টগ্রামের শিল্প সংস্কৃতির সূতিকাগার। খ্রিষ্টপূর্ব আড়াই হাজার বছর আগে থেকে কর্ণফুলীর তীর বন্দরের জন্য বিখ্যাত ছিল। আমরা কর্ণফুলী রক্ষা করতে না পারলে দেশের অর্থনীতি রুগ্ন হওয়ার পাশাপাশি হারিয়ে যাবে। চট্টগ্রামের লোক সংস্কৃতির ঐতিহাসিক ধারাবাহিকতা। সাম্পান খেলা শেষে শুরু হয় চাঁটগাইয়া সংস্কৃতি মেলা। সনজীত আচার্য্যের পরিচালনায় মঞ্চে গান করেন কুষ্টিয়ার শিল্পী কহিনূর আক্তার গোলাপী। নৃত্য পরিবেশন করেন খাগড়াছড়ির শিল্পীরা।




