চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় জনতার গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। এসময় পুলিশ ও জনতা মিলে আরো ৫ ডাকাতকে আটক করেছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত তিন ডাকাতের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। এরা হল, সাগর (৩০) ও রাসেল (২২)। আনুমানিক ৪০ বছর বয়সী আরও এক ডাকাত গণপিটুনিতে নিহত হলেও তার পরিচয় মেলেনি। আটক হওয়া পাঁচজন হল, মো.রুবেল (১৮), আলাউদ্দিন (১৭), মনির হোসেন (১৮), মো.রানা (১৮) এবং মো.রুবেল (১৮)।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল উত্তর কাট্টলী জাকের আলী সওদাগর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে বেড়িবাঁধ এলাকায় জড়ো হয়েছিল। ডাকাতের উৎপাতের কারণে স্থানীয় জনতা গত কয়েকদিন ধরে সেখানে রাত জেগে পাহাড়া দিচ্ছিল। জনতার সঙ্গে পুলিশের একাধিক টিমও টহল ডিউটিতে থাকে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার বিষয়টি টের পেয়ে জনতা তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে তিনজনকে ধরে গণপিটুনি দিতে থাকে। এসময় বাকিরা পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ও জনতা মিলে তাদের ধরে ফেলে। ডাকাতদের কাছ থেকে একটি বন্দুক, একটি এলজি, তিনটি কিরিচ, একটি হকিস্টিক ও তিন রাউণ্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
ভোর পৌনে ৬টার দিকে আকবর শাহ থানায় গিয়ে দেখা যায়, একটি পিকআপ ভ্যানে তিনজনের রক্তাক্ত মরদেহ রাখা হয়েছে। সকাল ৮টার দিকে সেগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে ভোরে আকবর শাহ থানায় যান নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) শেখ শরীফুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গণপিটুনির ঘটনায় একটি এবং অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের হবে।




