ইন্টারনেট ব্যবহারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশের মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা সভায় অ্যামটবের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
বর্তমানে মোবাইল ও মডেমে ইন্টারনেট ব্যবহারের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপিত রয়েছে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবীর জনান, বাংলাদেশে বর্তমানে ৯০ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। এ ব্যবহারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ইন্টারনেটের মাধ্যমে অনেক সেবা প্রদান করা হচ্ছে। ভ্যাট কমালে ব্যবহারকারী বাড়বে এবং এ ব্যবহারের ফলে সরকার অন্যান্য দিক থেকে বেশি রাজস্ব পাবে।
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবীর বক্তব্য দেন। আলোচনা সভায় মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোবাইল অপারেটরদের পক্ষ থেকে বলা হয়, ইন্টারনেট ও মডেম ব্যবহারের ক্ষেত্রে ভ্যাট উঠিয়ে নিলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে। এতে মোবাইল অপারেটরদের আয় বাড়বে, তথ্যপ্রযুক্তির প্রসার ঘটবে। অপারেটরদের আয় বাড়লে সরকার বেশি কর পাবে।
সভায় নতুন সিম-রিম কেনার ক্ষেত্রে ১০০ টাকা সিম-কর প্রত্যাহারেরও দাবি জানানো হয়। এ ছাড়া টেলিযোগাযোগ-সংক্রান্ত যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-হার যৌক্তিক করার দাবি জানানো হয়।




