নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আগামী ১১ মার্চথেকে শুরু হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করছে। বুধবার দুপুর ১২টায় আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে বাণিজ্য মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সংসদ সদস্য এম এ লতিফ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ। লিখিত বক্তব্যে তিনি জানান, চার লাখ বর্গফুটের অধিক জায়গাজুড়ে অনুষ্ঠিতব্য মেলায় এবার ১২টি প্রিমিয়ার গোল্ড পেভিলিয়ন, ৩টি মেগা পেভিলিয়ন, ৮টি প্রিমিয়ার পেভিলিয়ন, ২০টি স্ট্যান্ডার্ড পেভিলিয়ন, ১৬৬টি প্রিমিয়ার মেগা পেভিলিয়ন, ২২টি মেগা বুথ, ১০টি প্রিমিয়ার গোল্ড বুথ, ১৪টি স্ট্যান্ডার্ড বুথ, তিনটি রেস্টুরেন্টসহ মোট ৩৮টি পেভিলিয়ন বসবে। তিনটি আলাদা জোনে বিভক্ত হয়ে মোট ৪৫০টি’রও অধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।
অন্যান্য বছরের মতো থাইল্যান্ড মেলার পার্টনার কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে জানিয়ে জামাল আহমেদ বলেন, থাইল্যান্ড ৬ হাজার ৭৫০ বর্গফুট জায়গা নিয়ে মেলায় অংশ নেবে।সৈয়দ জামাল আহমেদ বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে চেম্বারের অনেক কর্মকাণ্ডের মধ্যে বাণিজ্য মেলা অন্যতম। ২৩ বছর ধরে দেশের শিল্পের প্রসার ও মান উন্নয়নে চেম্বার মেলার আয়োজন করে আসছে। বাংলাদেশে এসএমই খাতের বিকাশের লক্ষ্যেই মূলত মেলার আয়োজন। তিনি বলেন, ‘প্রতিবারের ন্যায় মেলায় বাড়তি নিরাপত্তা বলয় থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় মেলায় নিয়োজিত থাকবেন। তাদের জন্য মেলা চলাকালীন সময় পর্যন্ত স্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। পাশাপাশি মেলায় ব্যাংক বুথও স্থাপন করা হয়েছে। মেলা চলাকালীন প্রায় প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা মেলাস্থল পরিদর্শন করবেন।
এর আগে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, আজ থেকে ২৪ বছর আগে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে ছোট্ট পরিসরে বাণিজ্য মেলা শুরু হয়েছিল। সেই মেলায় এখন প্রতিদিন লক্ষাধিক মানুষ আসেন। মেলা কখন হবে সেটা জানার জন্য চট্টগ্রামবাসী উন্মুখ হয়ে থাকেন। মেলা বেচাকেনার জন্য নয়, দেশিয় পণ্যের প্রদর্শন এবং আন্তর্জাতিকভাবে দেশিয় পণ্যের পরিচিত পাওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখে। সংবাদ সম্মেলনে চেম্বারের পরিচালকরাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




