সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার সকালে ৯টা ১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, তার মৃতুত্যে দেশ একজন সমাজসেবী ও গুণী চিত্রশিল্পীকে হারালো। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। আসমা কিবরিয়ার প্রথম নামাজে জানাজা বাদ আসর গুলশান আজাদ মসজিদে এবং ২য় নামাজে জানাজা বনানী কবরস্থানে অনুষ্ঠিত হওয়ার পর বনানী কবরস্থানে দাফন করা হবে।



