রাজধানীর ধানমণ্ডি থেকে মানবতাবিরোধী অপরাধের বিচারে সাজাপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মারামারির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০০৮ সালে রাজধানীর গুলশানে মারামারির অভিযোগে হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাসা থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি নূরে আজম মিয়া।
গ্রেফতারের পর হুম্মাম কাদের চৌধুরীকে আদালতে পাঠানো হয়েছে । আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন । ২০০৮ সালের গুলশান থানায় একটি হত্যা চেষ্টার মামলার ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করা হয়েছে। ধানমণ্ডি থানার পুলিশ ওয়ারেন্ট মূলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করে শনিবার সিএমএম আদালতে পাঠায়। আদালতে তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ। এদিকে, জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা হুম্মাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।




