রাজধানীর উত্তরা এলাকা থেকে বিপুল সংখ্যক জিহাদি বইসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। এছাড়া রাজধানীর মুগদা এলাকা থেকে পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) বিভিন্ন কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে মানুষকে চাকরি দেওয়ার প্রতারণার সঙ্গে জড়িত চার প্রতারককেও আটক করা হয়েছে। রোববার দিনগত রাতে ওই দুই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুন্তাসিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা এলাকা থেকে হিযবুত তাহরিরের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই জব্ধ করা হয়।
এদিকে, পৃথক এক অভিযানে পুলিশের আইজিপিসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার আত্মীয় পরিচয় দানকারী চার প্রতারককে আটক করা হয়েছে। পুলিশে যোগদানের ভুয়া নিয়োগপত্র দিয়ে তারা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো বলে জানান তিনি। এ বিষয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।




