সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়একাত্তর টিভির সিডি পুরোপুরি পরীক্ষা করে আদেশ

একাত্তর টিভির সিডি পুরোপুরি পরীক্ষা করে আদেশ

বিচার বিভাগ ফেল করলে রাষ্ট্রে আর কিছু্ই থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একাত্তর টিভিতে বিচার বিভাগ নিয়ে টকশো’র আলোচনার বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতিকে অবহিত করলে মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। টেলিফোনে প্রধান বিচারপতির সঙ্গে এক বিচারপতির কথোপকথন নিয়ে বেসরকারি টেলিভিশন একাত্তরে প্রচারিত অডিও টেপ নিয়ে প্রতিবেদন এবং টকশো’র ভিডিও সিডি নিয়ে আদেশের দিন ধার্য ছিল মঙ্গলবার। এ সময় প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন। তবে সিডিটি পুরোপুরি পরীক্ষা করে আদেশ দেবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ। অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর আপিল মামলার চূড়ান্ত রায়ের আগে গত ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠে ‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামে এক কলাম প্রকাশিত হয়। ওই কলামে আদালত অবমাননার দায়ে গত ১৩ আগস্ট জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এবং কলামের লেখক নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে সাজা দেন আপিল বিভাগ।  এ মামলার শুনানির সময় জনকণ্ঠের পক্ষে প্রধান বিচারপতির কথোপকথন নিয়ে একটি অডিও রেকর্ড উপস্থাপন করতে চান। কিন্তু আদালত তা উপস্থাপন করতে দেননি। এরপর গত ১০ আগস্ট এ কথোপকথনের অডিও একাত্তর টিভিতে প্রচার করে। ১১ আগস্ট আপিল বিভাগ একাত্তর টিভিতে প্রচারিত প্রতিবেদন তলব করেন। আদালতের আদেশে ১৬ আগস্ট একাত্তর টিভি তাদের প্রচারিত প্রতিবেদনের সিডি জমা দেন। মঙ্গলবার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিলো। কিন্তু সিডিটি পুরোপুরি পরীক্ষা না করে আদেশ দেবেন না বলে অ্যাটর্নি জেনারেলকে জানান প্রধান বিচারপতি। আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, একাত্তর টিভির সিডি জমা দেওয়ার দিনও টকশো’তে আদালতের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আইনজীবীও ওই আলোচনায় অংশ নিয়েছেন। তখন প্রধান বিচারপতি বলেন, এটা একটি প্রতিষ্ঠান। ব্যক্তি বিচারকের কথা নয়। এই প্রতিষ্ঠান (বিচার বিভাগ) ফেল করলে রাষ্ট্রে আর কিছু্ই থাকবে না। প্রধান বিচারপতি আরো বলেন, চুরি ডাকাতিও অপরাধ। এটাও (আদালত অবমাননা) একটা অপরাধ। আমেরিকান প্রেস ফ্রিডমের কথা বলা হয়। সেখানে বিচারাধীন বিষয় নিয়ে সমালোচনা হয় না। বিশ্বের কোথাও এ ধরনের নজির নেই। জাজমেন্টের পর যে সমালোচনা হয় সেটা গঠনমূলক সমালোচনা। এখন এটা যদি এরা না বোঝেন তাহলে তো কি আর করা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ