বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সারা বছর হজ যাত্রীদের রেজিস্টেশনের ব্যবস্থা করার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

সারা বছর হজ যাত্রীদের রেজিস্টেশনের ব্যবস্থা করার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

সারা বছর ধরে হজ যাত্রীদের রেজিস্টেশনের ব্যবস্থা করার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও হজ কার্যক্রম ২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন যদি সারা বছরব্যাপী করা যায়, তাহলে যারা হজে যেতে চান, তারা শান্তভাবে ধীরে সুস্থে রেজিষ্ট্রেশন করে রাখতে পারবেন। এই রেজিস্ট্রেশন অনলাইনেও হতে পারে। তিনি বলেন, একটি নির্দিষ্ট সময়ে হজ অনুষ্ঠিত হয়। তখনই হজের রেজিস্টেশন শুরু হয়। এতে সবার তাড়াহুড়া পড়ে যায়।

শেখ হাসিনা বলেন, সারা বছর ধরে যদি হজ যাত্রীদের রেজিস্ট্রেশন চলে এবং সৌদি সরকার যদি ঠিক করে দেয় আমরা কতজন হজে পাঠাতে পারবো। তবে লটারি করে আমাদের হজ যাত্রীদের হজে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। যা হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করবে।

হজ ব্যবস্থাপনা সহজ করার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, যখনই আওয়ামী লীগ সরকার গঠন করেছে, তখনই হজ যাত্রীদের অসুবিধা দূর করার চেষ্টা করেছি। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় কি কি অসুবিধা ছিলো, তা দেখেছি। তার দূর করারও চেষ্টা করেছি।

হাজিদের কল্যাণে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা ছিলেন একজন খাঁটি মুসলমান। মাত্র সাড়ে তিন বছরের সরকারে তিনি দেশের হজ যাত্রীদের কল্যাণে নানাবিধ পদক্ষেপ নেন। কম খরচে হজে যাওয়ার জন্য তিনি ‘হিজবুল বাহার’ জাহাজ ক্রয় করেন এবং বাংলাদেশ থেকে তিনিই প্রথম হজ যাত্রী পাঠান।

শেখ হাসিনা বলেন, ইসলামের উন্নয়নে জাতির পিতা অসামান্য অবদান রেখে গেছেন। তিনি ইসলামের প্রচার, প্রসার ও গবেষণার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উন্নয়ন, সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধি করেছেন।

বঙ্গবন্ধু তাবলীগ জামাতের জন্য কাকরাইল মসজিদের জমি দান ও টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার জন্য জায়গা বরাদ্দ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। হজ ব্যবস্থাপনা সহজ করা, আধুনিকায়ন করা ও প্রযুক্তি নির্ভর করার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হজ বিষয়ক ওয়েব পোর্টালকে আধুনিকায়ন করা হয়েছে। এসএমএসের মাধ্যমেও যেন হজের সব তথ্য পাওয়া যায়, সে ব্যবস্থা করা হচ্ছে।  আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে তখন থেকেই ইসলামের সেবা করে যাচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সংসদ সদস্য সাহারা খাতুন, বজলুল হক হারুন, বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ