বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন শনিবার

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন শনিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানাবেন। জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাত অংশ নিবেন।

এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড দেওয়া হবে। পরে বঙ্গবন্ধুর সমাধিস্থলে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে তিনি অংশ নিবেন। জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রী পরিষদের সদস্যরা, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা, সামরিক, বে-সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শোক দিবসকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধন, ধোয়া-মোছা ও মিলাদ মাহফিলের স্থান তৈরির কাজ শেষ হয়েছে। জেলার বিভিন্ন  রাস্তা-ঘাটে ব্যক্তি উদ্যোগে নির্মাণ করা হয়েছে কালো তোরণ। সড়কের পাশে কালো পতাকা দিয়ে শোকের আবহ সৃষ্টি করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের বলেছেন, জাতীয় শোক দিবসে জাতির জনকের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার আংশিক কার্যকর হয়েছে। সব আসামিদের বিচার এখনও কার্যকর হয়নি। তারা দেশের বাইরে পালিয়ে আছে। তাই এই শোকের মাসে টুঙ্গীপাড়াবাসীর প্রধানমন্ত্রীর কাছে দাবি পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করে জাতিকে কলঙ্ক মুক্ত করবেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম ইমরান হোসেন জানান, ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গীপাড়া সফর করবেন। তার সঙ্গে রাষ্ট্র এবং সরকারের বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। তাদের সবার নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা বেস্টনি তৈরি করেছি। আমি বিশ্বাস করি সবার প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর এ সফর সুন্দর, নিবিঘ্ন ও নিরাপদ হবে।

তিনি আরো বলেন, ইতিমধ্যে পুলিশ বাহিনী সাদা পোশাকে, ডিবি পোশাকে ও পুলিশি পোশাকে কাজ করছেন। বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কারণ এখানে যারা সফর করবেন তারা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। কোনো রকমের ফাঁক-ফোকর এখানে থাকবে না।

আরও পড়ুন

সর্বশেষ