সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঈদ উপলক্ষে চাঁদপুর-চট্টগ্রাম রুটে ২ স্পেশাল ট্রেন

ঈদ উপলক্ষে চাঁদপুর-চট্টগ্রাম রুটে ২ স্পেশাল ট্রেন

ঈদ উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রাম থেকে চাঁদপুরে দু’টি স্পেশাল ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত এ দু’টি ট্রেন চলাচল করবে। শনিবার বিকেল ৫টার দিকে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্টের পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার জানান, চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে দু’টি ঈদ স্পেশাল ট্রেন ও আগের চারটি ট্রেনসহ ছয়টি ট্রেন এ রুটে চলাচলের সিদ্ধান্ত হয়েছে।

নির্দেশনা অনুসারে চট্টগ্রাম থেকে ১৩ জুলাই ঈদ স্পেশাল-১ সকাল ১১টা ৩০মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে বিকেল ৫টা ০৫মিনিটে। বিকেল ৫টা ২০মিনিটে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবে। ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম থেকে বিকাল ৩টা ৩০মিনিটে ছেড়ে চাঁদপুর এসে পৌঁছাবে রাত ৮টা ০৫মিনিটে। রাত ৮টা ২০মিনিটে পুনরায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। ঈদের ২য় দিন থেকে ঈদ স্পেশাল-১ চাঁদপুর থেকে ছাড়বে রাত ৩টা ৪৫মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে ৯টা ১৫মিনিট। পুনরায় ট্রেনটি ৯টা ২০মিনিটে চাঁদপুরের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবে। ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টায়। এ ট্রেনটি পুনরায় ১২টা ২০মিনিটে চাঁদপুরের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবে।

এছাড়া, সাগরিকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৭টা ৪৫মিনিটে ছেড়ে চাঁদপুর এসে পৌঁছাবে দুপুর ১টা ৩০মিনিটে। চাঁদপুর থেকে পুনরায় সাগরিকা এক্সপ্রেস বিকেল ২টা ৩০মিনিটে ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে রাত ৮টায়।  আন্তনগর মেঘনা এক্সপ্রেস চাঁদপুর থেকে ভোর ৫টায় ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে ১০টা ৩০মিনিটে। পুনরায় মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকেল ৫টায় ছেড়ে রাত ১০টায় চাঁদপুর পৌঁছাবে। চাঁদপুর-লাকসাম-কুমিল্লার মধ্যে চলাচলকারী ডেমু ট্রেন লাকসাম থেকে সকাল ৭টায় ছেড়ে চাঁদপুর পৌঁছাবে সকাল ৯টা ৪৫মিনিটে। চাঁদপুর থেকে সকাল ১০টায় ছেড়ে লাকসাম গিয়ে পৌঁছাবে দুপুর ১২টা ৩০মিনিটে। ডেমু ট্রেন লাকসাম থেকে বিকেল ২টা ৪০মিনিটে ছেড়ে চাঁদপুর এসে পৌঁছাবে ৫টা ২০মিনিটে। পুনরায় ডেমু ট্রেনটি সন্ধ্যা ৫টা ৪০মিনিটে চাঁদপুর থেকে ছেড়ে রাত ৮টা ৩০মিনিটে লাকসাম গিয়ে পৌঁছাবে। ট্রেনটি শুক্রবার বন্ধ থাকবে।

এদিকে, যাত্রীদের নিরাপত্তার জন্য বাংলাদেশ রেলওয়ে চাঁদপুরসহ সব স্টেশনে পুলিশ তথ্য কেন্দ্র ও যাত্রী নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সহায়তার জন্য ভ্রাম্যমাণ পুলিশ ক্যাম্প স্থাপন করেছে। প্রতিটি স্টেশনে ১৫ জন করে আনসার ও রেলওয়ে পুলিশ দায়িত্ব পালন করবে। নিরাপত্তাজনিত যেকোন প্রয়োজনে ০১৭৬৯৯৩৬৫৩২ নম্বরে যোগাযোগ করতে পারবে যাত্রীরা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ