বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিশেষ সম্প্রদায় মনে করেছিল ৩০ বছর পরে জিয়াউর রহমানকে কেউ মনে রাখবে না। কিন্তু বাংলাদেশের ৭০-৮০ শতাংশ মানুষ তাকে মনে রেখেছেন, শ্রদ্ধা করছেন। জিয়ার নাম ইতিহাস থেকে কেউ মুছতে পারবে না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ জিয়ার রাজনীতি এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ এখন কথা বলার স্বাধীনতা চায়। দেশে এখন গণতন্ত্র নেই। আ’লীগ উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে দূরে সরিয়ে রেখেছে।তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতার লোভ ছিল না।ক্ষমতার লিপ্সা থাকলে জিয়াউর রহমান ১৯৭১ সালেই ক্ষমতা দখল করতে পারতেন। কোটি কোটি মানুষের মধ্য থেকে খুঁজে এনে তাঁকে ক্ষমতায় বসানো হয়।মঈন খান বলেন, সরকার গণতন্ত্রকে বকেয়া রেখে উন্নয়নের কথা বলছে। এটা হতে পারে না। ক্ষমতা আর অর্থের লিপ্সা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে।তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধে মানুষের আদর্শ থেকে সরকার বিচ্যুত হয়েছে। কারণ বাংলাদেশের জন্মের প্রধান আকুতি ছিল গণতন্ত্র। নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারছে না। নতুন করে টেক্সট বুক রচিত হয়েছে, ইতিহাস লেখা হচ্ছে। বাংলাদেশ আজব দেশ, যেখানে সরকার ইতিহাস লেখে। তিনি আরো বলেন, আজ যারা স্বাধীনতার দাবিদার, তারা সেদিন (মুক্তিযুদ্ধের সময়) বাংলাদেশ থেকে এদিক-সেদিক ছুটে গিয়েছিল।জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহতম উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।



