বিএনপিকে বাঁচতে হলে জামায়াত নির্ভরতা ছেড়ে আবারো জিয়ার আদর্শে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। হোটেল সোনারগাঁওয়ে সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলাম চৌধুরীর লেখা ‘আত্মসত্ত্বার রাজনীতি এবং আমার ভাবনা’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার এ কথা বলেন তিনি।প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদ।বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিএনপি এখন জিয়াউর রহমানের আদর্শের মধ্যে নেই। তারা এখন তৃতীয় স্টেজের রাজনীতি করছে। তাদের রাজনীতি এখন সম্পূর্ণ জামায়াত নির্ভর।সাবেক রাস্ট্রপতি বলেন, রাজনীতিবিদরা চাইলেও অনেক সত্যি কথা লিখতে পারেন না। আমি ও লেখক একসময়ে জিয়াউর রহমানের বিএনপি করতাম। এই দলটিকে আবারও সেই রাজনীতিতেই ফিরতে হবে।বিকল্পধারা সভাপতি বলেন, বিএনপির একটি স্টেজ ছিল : জিয়াউর রহমানের রাজনীতি; তারপর এলো খালেদা জিয়ার রাজনীতি। মন্তব্য নিষ্প্রয়োজন। তারপর শেষ থার্ড স্টেজ আছে জামায়াতনির্ভর খালেদা জিয়ার রাজনীতি। এই স্টেজ বেশি দিন থাকবে বলে মনে হয় না। কারণ চতুর্দিকে চাপ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক চাপও খুব বেশি। কিন্তু একটি চতুর্থ স্টেজ আসতে বাধ্য। যখন ঘুরেফিরে আবার জিয়াউর রহমানের রাজনীতি তুলে ধরবে। যদি তারা বাঁচতে চায় আবার গ্রামে গ্রামে চলে যাবে,’ যোগ করেন বিকল্পধারার সভাপতি।অনুষ্ঠানে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা ভাবনা খুব কম করেন। পড়াশোনার দিক থেকেও আরো কম। আর লেখার ক্ষেত্রে ভয়ঙ্কর কম। লেট দেম থিংক অব দ্য কান্ট্রি এ লিটল বিট মোর (তাদের আরেকটু বেশি ভাবতে দিন)। যেসব জায়গায় অগ্রগতি সাধিত হয়েছে, কোন প্রক্রিয়ায় হয়েছে এই সম্পর্কে লেট দেম নো ফুল্লি (তাদের বিস্তারিত জানান)। এগুলো আমাদের সন্তানদের সামনে তুলে ধরা হোক।রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, গণতন্ত্র দরকার, সুশাসন দরকার এবং এই দুটি পাওয়ার প্রথম ধাপই হলো একটি সুন্দর নির্বাচন করা, যেখানে সমস্ত সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। যাতে যে সরকার গঠিত হবে সেই সরকারের নীতিতে জনগণের ইচ্ছা-অনিচ্ছার প্রতিফলন ঘটে।



