রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোদির শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোদির শ্রদ্ধা নিবেদন

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ১২টা ১০ মিনিটে তিনি সেখানে পৌঁছান।  ‌শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। এ সময় শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি, তার স্ত্রী পেপ্পি সিদ্দিক, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানসহ মোদির সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। এরপর পরিদর্শন বইয়ে সই করেন তিনি। প্রায় ২৫ মিনিটি অবস্থান করে বেলা ১২টা ৩৫ মিনিটে তিনি সেখান থেকে বের হয়ে যান।

এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১’র স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জান‍ান নরেন্দ্র মোদি। সেখানে তিনি বৃক্ষরোপণ করেন। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট ‘রাজদূত’-এ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।  বিমানবন্দরে পৌঁছালে ফুলেল শুভেচ্ছায় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল ‍মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে লাল গালিচা সংবর্ধনা ও বিশেষ গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তিনি।

সাভারে মোদিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাভারের সাংসদ ডা. এনামুর রহমান, সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, ঢাকার ডিসি মো. তোফাজ্জল হোসেন মিয়া, ঢাকার এসপি হাবিবুর রহমান।

আরও পড়ুন

সর্বশেষ