দেশে জঙ্গিবাদের প্রমাণ করতেই মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার দুপুরে রাজধানীর সোনাগাঁও হোটেলে চীনের রাষ্ট্রদূত মা মিংকইয়ানকে সাম্যবাদী দলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে তোফায়েল এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ প্রমুখ। তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে জঙ্গি দমনে প্রসংশিত হয়েছেন। অথচ পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তমনা লেখক অভিজিৎকে হত্যা করে তারা প্রমাণ করতে চেয়েছে এদেশে এখনো জঙ্গি আছে। তিনি বলেন, স্বাধীনতার পরও এই রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল অনেকেই। কিন্তু তারা টিকতে পারেনি। আশা করি বর্তমানের এই বিশৃঙ্খলাকারীরাও টিকতে পারবে না।বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা ছাত্র রজানীতি করেছি। তখন হরতালের আগে শ্লোগান দিতাম গাড়ি ঘোড়া চলবে না, দোকান পাট খুলবে না। অথচ এখন হরতালে গাড়ি চলে। বরং স্বাভাবিক দিনের তুলুনায় আরো বেশি। তিনি বলেন, কোথাও কোনো হরতাল হচ্ছে না। শুধু আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট করার জন্যই খালেদা জিয়া আজকের হরতাল দিচ্ছেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, এদেশে কোনো আন্দলোনই জনগণ ছাড়া সফল হয়নি। আশা করি আগামীতেও হবে না। তিনি বলেন, খুনিদের ধরার চেষ্টা চলছে। এদের কোনো ছাড় নেই। এদের সঙ্গে কোনো আলোচনাও হবে না। ২০১৯ সালের আগে কোনো সংলাপ হবে না বলেও মন্তব্য করেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, কয়েকদিন আগে যে মোবাইল কথোপকথন ফাঁস হলো। এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহমুদুর রহমান মান্না ঘোষণা দিয়ে বলেছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ চাই। এর ফলশ্রুতিতে দুঃখজনকভাবে লাশ পড়লো।অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত মা মিংকুইয়ান বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের হাজার বছরের সম্পর্ক, একটি গুরুত্বপূর্ণ বন্ধু। চীন সব সময় উন্নয়নশীল বন্ধু দেশগুলোর পাশে আছে। অনেক আগে থেকেই এই দেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি থাকালীন এদেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।



