হরতালের কারণে এসএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে সপ্তাহে দুই দিন করে পরীক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ছেলেমেয়েরা মানসিকভাবে প্রস্তুতি নেয় যে আজ পরীক্ষা দেবো। তাই পরীক্ষার সময় পরিবর্তন হলে একটু ধাক্কা লাগে, একটু অনিশ্চয়তার মধ্যে চলে যায়। যে কারণে আবারও যখন হরতাল দিলো তখন আমি সাথে সাথে শিক্ষামন্ত্রীকে বলে দিয়েছি, কোন কোন দিন পরীক্ষা আছে, সপ্তাহে দুইটা পরীক্ষা করে আগে ভাগেই পরিবর্তন করে দেন। অন্ততপক্ষে তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে।’ রোববার ধর্মমন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এ সপ্তাহে দুটি পরীক্ষা ছিলো আমরা তা শুক্রবার, শনিবার করে দিয়েছি। জামায়াত বিএনপি ধর্মের নামে ব্যবসা করে বেড়ায়। এদের তো কোন বিশ্বাস নেই। শুক্রবারও আবার হরতাল দিয়ে দেবে কিনা কে জানে। যাই হোক আমরা এটুকুই চাই, আল্লাহ এদের সুমতি দিক।’ বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এরা মানুষ পুড়িয়ে মারা বন্ধ করুক। আর এসএসসি পরীক্ষার সময় হরতাল অবরোধ বন্ধ করুক, যেন ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশুনা করতে পারে। অন্তত সেভাবে তারা পদক্ষেপ নেবে এটা আশা করি।’




