হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার চট্টগ্রাম চেম্বার ভবনের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়। বেলা ১২টায় ‘সবার উপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ শীর্ষক অবস্থান কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। হরতাল-অবরোধের প্রতিবাদে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এ কর্মসূচি ঘোষণা করে। অবস্থান কর্মসূচিতে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন, বারবিডা, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম উইম্যান চেম্বার, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন অংশ নিয়েছে।
১২টা থেকে ১৫ মিনিটের অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ীরা অর্থনীতি বিধ্বংসী কর্মকাণ্ড বাদ দিয়ে গণতান্ত্রিক পন্থায় আন্দোলনের আহ্বান জানিয়ে বলেন, দেশ ও দেশের অর্থনীতি বিধ্বংসী কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ মেনে নেবে না। দেশ বাঁচাতে এ অবস্থার অবসানের দাবি জানিয়ে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশ ও দেশের মানুষকে ধ্বংস করে সুস্থ রাজনীতি হতে পারে না। পুড়িয়ে মানুষ হত্যা আর পণ্যবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার রাজনীতিকে আমরা সমর্থন দিতে পারি না। দেশের সুস্থ অর্থনীতির জন্য সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, সময় মতো পণ্য পৌঁছছে না। উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিক-কর্মচারীদের বেতন দিতে পারছি না। আমাদের সুষ্ঠু পরিবেশ দিন, দেশ বাঁচান। এফবিসিসিআই পরিচালক এমএ সালাম রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, আগে দেশ বাঁচান, দেশের অর্থনীতি বাঁচান। কারণ দেশ বাঁচলে রাজনীতি করতে পারবেন। দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার রাজনীতিতে ব্যবসায়ীরা যুক্ত থাকবেন জানিয়ে তিনি বলেন, যে রাজনীতি দেশের ব্যবসা ও অর্থনীতিকে ধ্বংস করে সেই রাজনীতি আমরা চাই না। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বিজিএমইএ পরিচালক অঞ্জন শেখর দাশ, বারবিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক, চট্টগ্রাম চেম্বার সহসভাপতি সৈয়দ জামাল, ইউম্যান চেম্বার সহসভাপতি আইভি হাসান, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।




