নগরীর চান্দগাঁও এলাকায় তিন পুলিশ সদস্যের উপর ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মাহবুবুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার মাহবুবুল আলমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ জানুয়ারি বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর পুরাতন চান্দগাঁও থানার পাশে রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারে অবরোধকারীরা। এতে আহত হন পুলিশ কনস্টেবল রিপন বড়ুয়া (৩৬), ফরিদ উদ্দিন (৩৫) ও রমিজ উদ্দিন (৩৫)। আহতরা সকলেই ট্রাফিক পুলিশের সদস্য। অবরোধের কারণে থানার সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছিলেন। ঘটনার দিন গভীর রাতে এস আই গোলাম মোহাম্মদ নাসিম হোসেন বাদি হয়ে চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলমকে প্রধান আসামী করে বিশেষ ক্ষমতা আইনের ১৫ (২) ধারায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মাহবুবুল আলম পলাতক ছিল।




