১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৯০ বছর সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের জানাজা ও দাফন সম্পন্ন করতে সহায়তা করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার চতুর্থ ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (বহিষ্কৃত) আব্দুল্লাহিল আমান আযমী। তিনি রবিবার রাতে এক বিবৃতিতে সরকারকে এ ধন্যবাদ জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, লাশ নিয়ে বায়তুল মোকাররমে যাওয়া-আসা, জানাজা পড়ানোর আনুষ্ঠানিকতা এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্নকরণে সরকারের বিভিন্ন সংস্থা আমাদের সর্বাত্মক সহায়তা করেছে। সকলের আন্তরিক সহযোগিতার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এ জন্য পরিবারের পক্ষ থেকে আমি সরকার এবং পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে মারা যান গোলাম আযম। শুক্রবার সকাল ৭টায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গত শনিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জানাজার পর তাকে মগবাজারে দাফন করা হয়।




