মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদখেলার সময় বিপর্যস্ত জিম্বাবুয়ে, বাংলাদেশের চাই ১০১ রান

বিপর্যস্ত জিম্বাবুয়ে, বাংলাদেশের চাই ১০১ রান

তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। মিরপুর টেস্টের তৃতীয় দিন তাইজুলের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে গেছে অতিথিরা। প্রথম ইনিংসে ১৪ রানের লিড নেয়ায় তাই প্রথম টেস্ট জিততে বাংলাদেশের চাই ১০১ রান। এ রান করতে প্রায় আট সেশন সময় রয়েছে বাংলাদেশের।প্রথম সেশনেই পাঁচ উইকেট নেয়া তাইজুল শেষ পর্যন্ত ফেরান জিম্বাবুয়ের আট ব্যাটসম্যানকে। মাত্র ৩৯ রানের খরচায় আট উইকেট নিয়ে গড়ে ফেললেন রেকর্ডও। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ৮ উইকেট নিলেন তিনি।

সোমবার বিনা উইকেট ৫ রান নিয়ে খেলা শুরু করা জিম্বাবুয়ে দিনের শুরুতেই হারায় ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজাকে। তাইজুল ইসলামের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন সিবান্দা। পেসার শাহাদাত হোসেনের বল ছেড়ে দিয়ে বোল্ড হয়ে যান হ্যামিল্টন মাসাকাদজা। প্রথম ঘণ্টা শেষে জিম্বাবুয়ের স্কোর ছিল ৪০/২। তখনো বোঝা যায়নি পরের ঘণ্টায় কী অপেক্ষা করছে অতিথিদের সামনে। এসেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন সিকান্দার রাজা। সাকিব আল হাসানের এক ওভারে দুটি চার আদায় করে নেন তিনি। তাইজুলের পরের ওভারে টানা দুই বলে লংঅফের ওপর দিয়ে ছক্কা হাঁকান তিনি। পরের বলেও একই চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু পারেননি, ব্যাটের উপরের কানায় লেগে পয়েন্টে আসা সহজ ক্যাচটি তালুবন্দি করেন সাকিব।  রাজার বিদায়ের মধ্য দিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ধসের সূচনা হয়। নিজের পরের ওভারে জোড়া আঘাতে রেগিস চাকাবভা ও এল্টন চিগুম্বুরাকে বিদায় করেন তাইজুল।

চাকাবভা স্লিপে শামসুর রহমান ও চিগুম্বুরা দ্বিতীয় স্লিপে শুভাগত হোম চৌধুরীর ক্যাচে পরিণত হন। চিগুম্বুরার বিদায়ে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৫৮/৫। ক্রেইগ আরভিনের সঙ্গে অধিনায়ক ব্রেন্ডন টেইলরের জুটিতে প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে। আরভিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের পঞ্চম উইকেট নেয়ার পাশাপাশি ৩৪ রানের জুটি ভাঙেন তাইজুল।

এরপর উইকেট উৎসবে যোগ দেন সাকিবও। জন নিউম্বুকে মুশফিকের ক্যাচে পরিণত করেন তিনি। সেই ওভারে টিনাশে পানিয়াঙ্গারাকে আম্পায়ার আউট দেন। তবে রিভিউয়ে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত বদলানোয় বেঁচে যান পানিয়াঙ্গারা। ৭ উইকেটে ৯৪ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় জিম্বাবুয়ে। লড়াই করার মতো পুঁজি গড়ার পর অধিনায়ক টেইলরের দিকে তাকিয়ে ছিল অতিথিরা। তিনি এক প্রান্তে অবিচল থাকলেও অন্য তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে লক্ষ্যটা ছোটই রাখেন তাইজুল।  পানিয়াঙ্গারাকে স্লিপে শামসুরের ক্যাচে পরিণত করে নিজের ষষ্ঠ উইকেট নেন তাইজুল। নিজের পরের ওভারে পরপর দুই বলে টেন্ডাই চাটারা ও টাফাজওয়া কামুনগোজিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে এটাই টেস্টে সর্বনিম্ন রান। এর আগে ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ১৫৪ রানে অলআউটই ছিল সর্বনিম্ন। সেই ম্যাচে অতিথিদের হারিয়ে টেস্টে প্রথম জয়টি তুলে নেয় বাংলাদেশ। এর আগে সাকিব আল হাসানের মারাত্মক বোলিংয়ে ২৪০ রানে অলআউট হয়ে জিম্বাবুয়ে। জবাবে ২৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ