মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদরাজনীতিপ্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি যাতে কোনভাবেই ক্ষুণ্ন না হয় : প্রধানমন্ত্রী

প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি যাতে কোনভাবেই ক্ষুণ্ন না হয় : প্রধানমন্ত্রী

প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি যাতে কোনভাবেই ক্ষুণ্ন না হয়, সে ব্যাপারে সজাগ থাকার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির সেন্ট রেগিস হোটেলের বলরুমে প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। খবর বাসস। প্রধানমন্ত্রী বলেন, যে দেশে থাকবেন, সেই দেশের আইন মেনে চলতে হবে। সেই দেশের নিয়ম-নীতি অবশ্যই মানতে হবে। এমন কোন কাজ করবেন না, যাতে বাংলদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তিনি বলেন, প্রবাসে কিছু লোকের জন্য বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে। ভবিষ্যতে যাতে সুনাম নষ্ট না হয় তার প্রতি নজর দেওয়ার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, হাবিবুল হক খন্দকার, ইফতেখার হোসেন বাবু, মাহবুবুর রহমান নাছির প্রমুখ।

দেশের জন্য প্রবাসীরা অনেকে অবদান রেখে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই, আমাদের দেশের প্রতিটি মানুষ সোনালী মানুষ হোক। বিশেষ করে যারা বাইরে আছেন তারা। পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে নিজের দেওয়া চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করছি। এতো বড় প্রজেক্টের কাজ নিজেরা করতে পারলে, বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন? পরে সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি, যুব ও ক্রীড়ামন্ত্রী শেখ নাহিয়ান মুবারাক আল নাহিয়ানের দেওয়া নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ