বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতি পদবঞ্চিতদের নিয়ে পৃথক পৃথক ভাবে বৈঠক করেছেন বিএনপি নেতারা

পদবঞ্চিতদের নিয়ে পৃথক পৃথক ভাবে বৈঠক করেছেন বিএনপি নেতারা

ছাত্রদলের পদবঞ্চিতদের নেতাকর্মীদের নিয়ে পৃথক পৃথক ভাবে বৈঠক করেছেন বিএনপি নেতারা। সোমবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পল্টনে পদবঞ্চিতদের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমহেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন্নবী খ‍ান সোহেল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বৈঠকে শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।

এদিকে ছাত্রদল নেতা ইছাক সরকারের নেতৃত্বে এদকল নেতাকর্মীর মির্জা আব্বাসের বাসায় দুপুরে বৈঠক করেন। বৈঠক শেষে মির্জা আব্বাস বলেন, দলের মধ্যে  এরকম টুকিটাকি সমস্যা থাকে। এতে সমস্যার কিছু নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ মতেই তারা চলবেন। সমস্যার সমাধান হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) এর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। মির্জা আব্বাস বলেন, তিনি নেতাকর্মীদের বলেছেন তোমার বিএনপি করলে দলের চেয়ারপারসনের নির্দেশ মেনেই চলতে হবে।

উল্লেখ্য, ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ঘটানোর ফলে বিব্রত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।এ সমস্যা সমাধানের জন্য রোববার দিবাগত রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। এরপর বিষয়টি সমাধানের জন্য মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে দায়িত্ব দেন।  বৈঠকের আশ্বাস দেওয়ার পর থেকে পদবঞ্চিতরা পল্টন ‍বিএনপি কার্যালয়ের সামনে তাদের মিছিল, ভাঙচুর বন্ধ করেন।

১৪ অক্টোবর  রাজিব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি ঘোষণার পর আন্দোলনে নামে পদবঞ্চিত নেতাকর্মীরা। এর অংশ হিসেবে তারা বিক্ষোভ, ভাঙচুর, কুশপুতুল দাহসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এর ধারাবাহিকতায় শনিবার নয়‍াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে লাঠি মিছিল, হামলা, ভাঙচুর ও কয়েকজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটায় পদবঞ্চিতরা।

আরও পড়ুন

সর্বশেষ