বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের নতুন অধিনায়ক করা হয়েছে দলের ফাস্ট বোলার মাশরাফি বিন মর্তুজাকে। আর সহ অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অল রাউন্ডার সাকিব আল হাসানকে। এদিকে টেস্ট ক্রিকেটে অপরিবর্তীত থাকছেন মুশফিকুর রহিম। তবে এই ফরম্যাটে সহ অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে তামিম ইকবালকে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ডিরেক্টরদের নবম মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাশরাফি এর আগে ২০১০ সালে বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার দ্বিতীয় মেয়াদে তার হাতেই তুলে দেওয়া হল অধিনায়কের দায়িত্ব। মাশরাফির নেতৃত্বে ৭ ওয়ানডেতে বাংলাদেশ জয় পায় তিনটি ম্যাচে। এছাড়া তিনি একটি টেস্ট ম্যাচেও নেতৃত্ব দিয়েছিলেন। সেটিতেও জয় লাভ করে টাইগাররা। অক্টোবরে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বের যাত্রা শুরু হবে মাশরাফির। আর মুশফিক ২০১১ সালে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। তাকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল গত ১৩টি ম্যাচে জয় না পাওয়ায়।




