মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়আজ থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু

আজ থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। সকাল ৯টা থেকে বিআরটিসির ডিপোসংলগ্ন কাউন্টার থেকে এসব টিকিট সংগ্রহ করা যাবে। এদিকে গতকাল রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিক্রি হয়েছে ২ অক্টোবরের টিকিট। তবে প্রথম দিনের মতো গতকালও দুপুর ১২টার মধ্যেই অধিকাংশ কাউন্টারের টিকিট ফুরিয়ে যায়। এতে ঘরমুখী যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে হতাশা। অন্যদিকে বেসরকারি বাস পরিবহনের টিকিট গত ১৫ সেপ্টেম্বর থেকে বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ টিকিটই চলে গেছে অনলাইনে-কালোবাজারে। আর নিয়মিত যাত্রীর ভিড়ে লঞ্চের কেবিনের টিকিট জুটছে না সাধারণের ভাগ্যে। অর্থাৎ যারা নিয়মিত যাতায়াত করেন এর বাইরে ঈদ-পূজা উপলক্ষে বাড়ি যেতে চাওয়া যাত্রীদের জন্য তেমন সুখবর নেই। ফলে ঘরমুখী মানুষের আপাতত ভরসা বাস-ট্রেনই।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআরটিসি ঈদ উপলক্ষে সারাদেশে ৯০০ বাস সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আসনসাপেক্ষে টিকিট বিক্রি চলবে। রাজধানীর কল্যাণপুর, মতিঝিল, জোয়ারসাহারা ও গাবতলী কাউন্টার থেকে এসব টিকিট কিনতে পারবেন যাত্রীরা। বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল আব্দুল্লাহিল করিম গতকাল আমাদের সময়কে বলেন, ১ অক্টোবর থেকে চলবে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস। উত্তরাঞ্চলের যাত্রী ও পোশাককর্মীরা মূলত বিআরটিসিতে যেতে চান। এছাড়া রিজার্ভ বাসও রয়েছে। যাত্রীরা চাইলে রিজার্ভ করে তাদের গন্তব্যে যেতে পারবেন।

এদিকে গতকাল ভোররাত থেকে রাজধানীর কমলাপুর রেল কাউন্টারে ভিড় করেন যাত্রীরা। গতকাল ২ অক্টোবরের টিকিট বিক্রি হওয়ায় প্রথম দিনের তুলনায় চাহিদা ছিল বেশি। দীর্ঘ প্রতীক্ষার পর কাক্সিক্ষত টিকিট পেয়ে সব কষ্ট ভুলে মুহূর্তেই আনন্দে উদ্বেল হয়ে ওঠেন অনেকে। আবার বিপরীত চিত্রও দেখা গেছে। প্রাণপণ চেষ্টা করেও টিকিট না পেয়ে চোখে-মুখে হতাশার ছাপ লক্ষ করা যায়। এমনই একজন ময়মনসিংহের আনিস। তিনি বলেন, সড়কপথের অবস্থা খারাপ হওয়ায় ট্রেনের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম অফিস থেকে ছুটি নিয়ে। কিন্তু ঘোষণা করা হচ্ছে টিকিট নেই। তাহলে বাড়ি যাব কী করে?
এদিকে বিশেষ ট্রেন সার্ভিস শুরু হবে ১ অক্টোবর থেকে। ঈদের পর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ অক্টোবর। সেদিন বিক্রি করা হবে ৮ অক্টোবরের ফিরতি টিকিট। ঈদ উপলক্ষে রাজধানীর কমলাপুর কাউন্টার থেকে প্রতিদিন প্রায় ১৮ হাজার টিকিট বিক্রির কথা বলা হয়। তবে লাইনে বিক্রির কথা সাড়ে ১১ হাজার। বাকি টিকিট স্টাফ, ভিআইপি ও অনলাইন কোটায়। অথচ যাত্রী চাহিদা অন্তত ৫০ হাজার। আবার এই সাড়ে ১১ হাজার টিকিটও লাইনে দাঁড়ালেই কেনা যাচ্ছে না তদবিরের চাপে। আজ বিক্রি হবে ৩ অক্টোবরের টিকিট। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
গত ১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন কাউন্টার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি চলছে। তবে ২, ৩, ৪ ও ৫ অক্টোবরের কোনো টিকিট নেই। কেউ বলছেন, কালোবাজারে টিকিট ছেড়ে দিয়ে বলা হচ্ছে অনলাইনে পাওয়া যাচ্ছে, অথচ অনলাইনেও টিকিট নেই। আবার বাড়তি ভাড়ায় টিকিট মিলছে- এমনটিও জানিয়েছেন অনেকে।
এদিকে এসি বাস সার্ভিসে ইচ্ছামতো ভাড়া নেওয়া হচ্ছে। এ ব্যাপারে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, এসি বাসের সংখ্যা এখন পর্যন্ত মোট বাসের ১ শতাংশও নয়। যেহেতু এখানে যাত্রীদের বাড়তি সুবিধা দেওয়া হয়, সে কারণে সুবিধা অনুযায়ী সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপ ভাড়া নির্ধারণ করে থাকে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ