বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসরকার সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে

সরকার সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে

বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে নেওয়ার মাধ্যমে বিচারপতিদের ওপর চাপ সৃষ্টির ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘সংবিধানের ষোড়শ সংশোধন: জনমত উপেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রফিকুল ইসলাম মিয়া বলেন, এ সরকার সমস্ত প্রতিষ্ঠান (সাংবিধানিক প্রতিষ্ঠান) ধ্বংস করে দিয়েছে। বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে দেওয়ার মাধ্যমে তাদের ওপর মারাত্মক মনস্তাতিক চাপ সৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থা বিচারকে প্রভাবিত করবে। সংসদের হাতে বিচারকদের অপসারণ ক্ষমতা দেওয়ার পর বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা আর থাকবে কিনা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করেন তিনি।

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে থাকলে খুনের সঙ্গে জড়িত র‌্যাব সদস্যদের গ্রেফতার করা সম্ভব হতো ছিলো কিনা তাও জানতে চেয়ে বলেন, আদালতের নির্দেশের কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে নেওয়ার বিষয়টিকে তিনি সুপ্রিম কোর্ট ভবনে ভূমিকম্প আঘাত হানার সঙ্গে তুলনা করেন।

পাকিস্তান আমলের সঙ্গে তুলনা করে রফিকুল ইসলাম মিয়া বলেন, আমরা যাদের বেতন দিচ্ছি সেই এলিট ফোর্স র‌্যাব বাহিনী মানুষ খুন করেছে। জাতি মারাত্মক ক্রান্তিলগ্নে আছে। এখানে শুধু গণতন্ত্র নেই তা নয়, গুম, খুন অরাজকতা চলছে। এ সরকারের হাত থেকে গণতন্ত্র রক্ষা করতে দেশের স্বাধীনতার জন্য যেভাবে সংগ্রাম করা হয়েছে সেভাবে সংগ্রাম করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জান দুদু প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চোর ডাকাতের সর্দারনী মন্তব্য করে বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ চোরের দল। শেখ মুজিবুর রহমান নিজেই সেকথা বলেছেন। চতুর্থ সংশোধনী আনার সময়কার সংসদ অধিবেশনে দেওয়া শেখ মুজিবুর রহমানের বক্তব্য পর্যালোচনা করলে এটি প্রমাণ হবে। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমত উল্ল্যাহ আলোচনা সভার সভাপতিত্ব করেন।

আরও পড়ুন

সর্বশেষ