জানা যায়, সফরে শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রীসহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন। এসব বৈঠকের সময় নির্ধারণ নিয়েও কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি দুবছর পর পর আসেম সম্মেলনে অনুষ্ঠিত হয়। এবারও ইউরোপ ও এশিয়ার ৪৯টি সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সামিটে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এসব দেশ ছাড়া আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান কমিশন এবং আসিয়ান সেক্রেটারিয়েটও আসেম এর সদস্য। ১৮ বছর আগে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় এশিয়া-ইউরোপ মিটিং (আসেম)। থাইল্যান্ডের ব্যাংককে এর প্রথম সামিট অনুষ্ঠিত হয়।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত সহযোগিতামূলক সম্পর্কের গভীরতা নিশ্চিত করতে প্রতিশুতিবদ্ধ আসেম। শুরু থেকেই দু’বছর পরপর পালাক্রমে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে আসেম সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালে দ্বিতীয় সামিটটি হয় যুক্তরাজ্যে। এরপর ২০০০ সালে দক্ষিণ কোরিয়ায়, ২০০২ সালে ডেনমার্কে, ২০০৪ সালে ভিয়েতনামে, ২০০৬ সালে ফিনল্যান্ডে, ২০০৮ সালে চীনে, ২০১০ সালে বেলজিয়ামে এবং সর্বশেষ ২০১২ সালে লাওসে আসেম সামিট অনুষ্ঠিত হয়।




